রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা ১৪ বছর বয়সী এক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কিশোরটিকে আটক করা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বিকেলে জানান, কিশোরটি গ্রামের বাড়ি থেকে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে—সে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত নয়। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ জানায়, কিশোরটির আচরণ ও বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে সন্দেহজনক মনে হয়েছিল। কখনো নিজেকে শিক্ষার্থী, কখনো ছাত্রদল বা ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দেয় সে। তার ব্যাগে থাকা কিছু কাগজপত্র দেখে পুলিশ ধারণা করেছিল, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজকের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা ঠেকাতে সন্দেহজনক ব্যক্তিদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায়।
